ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ২১ জুনের টিকিট বিক্রির মধ্য দিয়ে সোমবার (১২ জুন) সকাল ৮টায় অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও প্রথম দিন সকালের দিকে চট্টগ্রাম রেলস্টেশনে টিকিটপ্রত্যাশীদের ভিড় দেখা যায়নি। সকালে হাতেগোনা কিছু মানুষকে স্টেশনে আসতে দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিটপ্রত্যাশীদের সংখ্যা বাড়তে শুরু করে। বিকালের দিকে স্টেশনে ভিড় ভালোই ছিল বলেও জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন সোমবার বিকাল ৫টা পর্যন্ত ৬০ থেকে ৬৫ শতাংশ টিকিট বিক্রি হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘সকাল ৮টা থেকে ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে প্রথম দিন টিকিট সংগ্রহে প্রত্যাশীদের ভিড় ছিল না। বিকাল ৪টা পর্যন্ত ৬০ থেকে ৬৫ শতাংশ টিকিট বিক্রি হয়েছে।’
তিনি বলেন, ‘অফিস-আদালত খোলা থাকায় ২১ জুনের টিকিটের চাহিদা কিছুটা কম। এছাড়া আজ (সোমবার) বৈরি আবহাওয়ার কারণে অনেকে টিকিট কিনতে স্টেশনে আসতে পারেননি।’
পূর্বাঞ্চল রেলওয়ে সূত্র জানায়, প্রথম দিনে ঢাকাগামী তূর্ণা নিশীথা, সুবর্ণ, সোনার বাংলা, মহানগর প্রভাতী, মহানগর গোধূলী, চট্টলা, চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস, সিলেটগামী পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস, ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের মোট দুই হাজার ৬৩৩টি টিকিট বিক্রি করা হচ্ছে। এখনও ৩০ থেকে ৩৫ শতাংশ টিকিট অবিক্রিত রয়ে গেছে।
বিকাল ৫টায় খোঁজ নিয়ে জানা যায়, সুর্বণ এক্সপ্রেসের ২৬১ এসি আসনের মধ্যে ১৯৪টি আসন খালি রয়েছে, নন-এসি ৩১৬ আসনের মধ্যে ১৮৫টি খালি রয়েছে। সোনার বাংলা এক্সপ্রেসের ৩১০টি আসনের মধ্যে সবগুলো বিক্রি হয়েছে। মেঘনা এক্সপ্রেসে ১১টি প্রথম শ্রেণির চেয়ার, ৩০২টি শোভন এবং ৩৪৩টি শোভন চেয়ার আসন খালি রয়েছে। তূর্ণা নিশীথা এক্সপ্রেসের ৭টি কেবিন, ৩৫টি এসি চেয়ার এবং ৭৫টি শোভন চেয়ার খালি রয়েছে। বিজয় এক্সপ্রেসে ১২৩টি শোভন চেয়ার খালি রয়েছে। মহানগর গোধূলী এক্সপ্রেসে ২টি এসি কেবিন, ২২টি প্রথম শ্রেণির কেবিন, ৯১টি এসি চেয়ার খালি রয়েছে। পাহাড়িকা এক্সপ্রেসে ২৫টি চেয়ার, ১৪ এসি চেয়ার, ৫১টি শোভন এবং ৩৫টি শোভন চেয়ার খালি রয়েছে। অন্য এক্সপ্রেস গুলোতেও এভাবে ৩০ থেকে ৩৫ শতাংশ আসন এখনও খালি রয়েছে।
উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার ২২ জুনের আগাম টিকিট বিক্রি করা হবে। এছাড়া আগামী বুধবার ২৩ জুনের, বৃহস্পতিবার ২৪ জুনের এবং শুক্রবার ২৫ জুনের আগাম টিকিট বিক্রি করা হবে।
/এমএ/








