রাঙ্গামাটিতে পাহাড় ধসে নিহতদের মধ্যে সেনাবাহিনীর মেজর মোহাম্মদ মাহফুজুল হকের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে। তিনি সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন। তার মায়ের নাম বেনি বেগম। নিহতের বাড়িতে এখন শোকের ছায়া বিরাজ করছে। মৃত্যুর খবর পেয়ে লোকজন সেখানে ভিড় করছেন।
মাহফুজের মামাতো ভাই তালেবপুর ইউপি সদস্য হুমায়ুন জানান, মাহফুজ ছোট বেলা থেকেই ঢাকায় বড় হয়েছেন। লেখাপড়াও করেছেন ঢাকাতেই। তবে বছরে দুই-একবার গ্রামের বাড়িতে বেড়াতে আসতেন।
তিনি জানান, মৃত্যুর খবরে তারা শোকার্ত।
তালেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রমজান আলী বাংলা ট্রিবিউনকে জানান, মেজর মাহফুজের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। কোথায় তার লাশ দাফন করা হবে সে বিষয়টিও ঠিক করা হবে।
তিনি জানান, মেজর মাহফুজের বাবা-মা ঢাকাতেই থাকেন।
/এনআই/








