মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ করে দেশে ফিরেছেন ১৮ জন বাংলাদেশি ও এক রোহিঙ্গা। বৃহস্পতিবার (১৫ জুন) মিয়ানমারের অভ্যন্তরে অনুষ্ঠিত এক বৈঠকের মাধ্যমে দেশটির ইমেগ্রেশন বিভাগের প্রতিনিধি দল এই ১৯ জনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে। বিজিবি কক্সবাজারের ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
দেশে ফেরত আসা ব্যক্তিরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা এলাকার নূরুল ইসলামের পুত্র ফজল করিম, হোয়াইক্যং এলাকার নাজির হোসেনের পুত্র আবু বক্কর, মুন্ডার ডেইল এলাকার আমির আহমদের পুত্র মোহাম্মদ ইসমাইল, টেকনাফের নয়াপাড়ার শরনার্থী ক্যাম্পের সি ব্লকের মকবুল আহমদের পুত্র আবদুস শুক্কুর, উখিয়া উপজেলার বালুখালী এলাকার মোহাম্মদ নূরুল ইসলামের পুত্র সৈয়দ হোসেন, রামু উপজেলার রাবেতা এলাকার মোহাম্মদ সিদ্দিকের পুত্র নূরুল হুদা, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার তামাই এলাকার দিরাজ শেখের পুত্র হারুন শেখ, একই জেলার শাহাজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলাকার শামসুলের পুত্র কামরুল, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার মেলা ঘবিনাথপুর এলাকার মৃত মোস্তাক আলীর পুত্র আনিসুর রহমান, একই জেলার মৃত আফতাব মন্ডলের পুত্র লাল মোহাম্মদ, বগুড়া জেলার খেতলাল উপজেলার মাহমুদপুর এলাকার মোহাম্মদ দেলোয়ারের পুত্র জাহেদুল ইসলাম, একই জেলার জিন্নাতবাজার এলাকার ওসিম উদ্দিনের পুত্র তাজুল উদ্দিন, একই এলাকার সৈয়দুল ইসলামের পুত্র মোহাম্মদ ইউসুফ, হাজি এমদাদ আলীর পুত্র হোসেন আলী, ঢাকা জেলার রোস্তম আলীর পুত্র সোহেল খান, নরসিংদী জেলার সুলতান মিয়ার পুত্র শাহেদুল ইসলাম, পাবনা জেলার আলী হোসেনের পুত্র হৃদয় হোসেন, হবিগঞ্জ জেলার মোহাম্মদ ইব্রাহিমের পুত্র ইসহাক মিয়া, সুনামগঞ্জ জেলার গৌরনগর এলাকার সুরন্দ্র ছত্রধরের পুত্র প্রদীপ ছত্রধর।
লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান, দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে ৭ জন মাছ ধরতে গিয়ে এবং ১২ জন সাগরপথে মালয়েশিয়ায় যাত্রাকালে মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল। পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমতি নিয়ে বৈঠকের মাধ্যমে এদের ফেরত এনে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ এসব ব্যক্তিকে স্ব স্ব স্বজনদের কাছে পৌঁছে দেবে।
তিনি আরও জানান, বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বিপরীতে মিয়ানমারের ঢেকিবনিয়ায় বৈঠক হয়। এতে বাংলাদেশের পক্ষে ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি। মিয়ানমারের ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ইমেগ্রশন বিভাগের উপ-পরিচালক উ থাং চু। বেলা সাড়ে ১০টায় বাংলাদেশের প্রতিনিধি দলটি মিয়ানমারের যায়। বেলা দেড়টার দিকে বৈঠক শেষে এক রোহিঙ্গাসহ ১৮ বাংলাদেশিকে নিয়ে ফিরে আসেন।
/এমএ/








