আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুকুল বোস বলেছেন, ‘আগামী নির্বাচন সংবিধান মেনে বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। সহায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের কোনও বিধান নেই।’
বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খালকুলা বটতলায় হিন্দু ধর্মাবলম্বীদের বার্ষিক মহোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মুকুল বোস বলেন, ‘আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনিুষ্ঠিত হবে। কেউ নির্বাচনে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করলে কঠিন জবাব দেওয়া হবে।’
তিনি বলেন, ‘ঐক্যবদ্ধভাবে নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’
মহোৎসব কমিটির সভাপতি চূনী লাল মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে কাশালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম মিয়া, উজানী ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বোস, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্য নির্বাহী কমিটির সদস্য মিন্টু রায় চৌধূরী সমর, ভাবড়াশুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফাকের মিয়া, বাঁশবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. সোহেল মোল্লা, যুবলীগ নেতা সাঈদ হাসান শিশির, হাবিবুর রহমান মিলু, শিশির মজুমদার, মহোৎসব কমিটির সদস্য প্রফুল্ল মৃধা, হিমেল মৃধাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
/এমএ/








