রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৬ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মানজুরুল মান্নান। জেলা প্রসাশকের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক বলেন, ‘উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে কেউ যদি নির্দিষ্ট করে কোনও স্থানে মৃতদেহ থাকার কথা জানাতে পারে, তবে সেখানে উদ্ধার অভিযান চালানো হবে।’
তিনি আরও বলেন, ‘পাহাড় ধসে কোনও কোনও জায়গায় ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত মাটির স্তূপ জমে থাকার কারণে উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না।’
মানজুরুল মান্নান বলেন, ‘চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিস কর্মীদের ৬০ জনের দলটিকে আরও কিছুদিন রাঙামাটিতেই রাখা হচ্ছে। এখনও বৃষ্টিপাত থামেনি। আবারও পাহাড় ধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই ফায়ার সার্ভিস কর্মীদের ৬০ জনের দলটিকে রাঙামাটিতে রাখা।’
প্রসঙ্গত, সোমবার রাত থেকে টানা বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে আজ (শুক্রবার) পর্যন্ত ১১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
/এমএ/








