নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুয়েল মিয়া (২৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রী সায়লা আক্তার সুমিকে (১৭) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জুয়েল মিয়াকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ জুন) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের বাবা সিরাজ মিয়ার অভিযোগ, ‘বিয়ের কিছুদিন পরই জুয়েল মিয়া যৌতুকের জন্য সুমিকে নানাভাবে শাররিক ও মানসিক নির্যাতন শুরু করে। শনিবার সন্ধ্যায় জুয়েলের বাবা-মা সুমির ব্যবহৃত কাপড়-চোপড় আমাদের বাড়ি পাঠায়। সেসময় তারা জানায়, সুমি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একথা শোনার পর আমরা সুমির শ্বশুরবাড়িতে ছুটে যাই। গিয়ে দেখি, সুমির লাশ পড়ে আছে। জুয়েল আমার মেয়েকে হত্যা করেছে।’
ওসি ইসমাইল হোসেন জানান, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালি এলাকার মারফত আলীর ছেলে জুয়েল মিয়া প্রেম করে বিয়ে করে নগরপাড়া গ্রামের সিরাজ মিয়ার মেয়ে সায়লা আক্তার সুমিকে। বিয়ের কিছু দিন পরই জানা যায়, জুয়েল মাদকাসক্ত। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এর জেরে সুমিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
ওসি ইসমাইল হোসেন বলেন, ‘নিহতের গলায় ওড়না জাতীয় কিছু দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের পিতা সিরাজ মিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জুয়েল মিয়াকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে রূপগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হসাপাতালের মর্গে পাঠানো হবে।’
/এমএ/








