জঙ্গিদের আশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, 'দেশের মাটিতে জঙ্গিদের জায়গা হবে না। এদের অপকর্ম সফল হতে দেওয়া হবে না। এরা দেশের শান্তি বিনষ্ট করছে।'
রবিবার (১৮ জুন) দুপুরে নিজ নির্বাচনি এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জঙ্গিবাদকে ঘৃণা করার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, 'জঙ্গিরা ইসলামের নামে অপকর্ম চালিয়ে যাচ্ছে। কিন্তু ইসলাম শান্তি ও সাম্যের ধর্ম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে জঙ্গিবাদ মোকাবেলা করে চলছেন।'
তিনি আরও বলেন, 'জঙ্গিদের পৃষ্ঠপোষক হলো আমেরিকা। এরাই লাদেনকে সৃষ্টি করেছে, আবার এরাই লাদেনকে খুন করেছে। এরা সর্প হইয়া দংশন করে ওঝা হইয়া ঝাড়ে।'
বেগম মতিয়া চৌধুরী বলেন, 'এদেশের স্বাধীনতা বিনা কষ্ট, বিনা ত্যাগে আসেনি। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৪ বছর কারাভোগ করেছেন। কাজেই এ দেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না।'
তিনি বলেন, 'বাংলাদেশ এখন সুখী দেশগুলোর মধ্যে অন্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য বয়স্কভাতা, বিধবাভাতা, পঙ্গুভাতা, প্রতিবন্ধীভাতা ও গর্ভকালীনভাতা দিচ্ছেন। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন গরীব-অসহায়দের পাশে থাকবেন।
কৃষিমন্ত্রী নালিতাবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শাড়ি ও গরিব-অসহায়দের মাঝে টাউজার এবং শার্ট বিতরণ করেন। এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- শেরপুর জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, শেরপুরের কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, অর্থ-সম্পাদক গোপাল চন্দ্র সরকারসহ আরও অনেকেই।
/এমএ/








