ফেনীর বিরিঞ্চি এলাকায় র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একরাম হত্যা মামলার অন্যতম আসামি রুটি সোহেল নিহত হয়েছে। সোমবার (৩ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। জেলার র্যাব-৭ এর অধিনায়ক সাফায়াত জামিল ফাহিম বাংলা টিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, বিরিঞ্চি এলাকার এক বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে রুটি সোহেলকে আটকের চেষ্টা করা হলে সে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এসময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে সোহেল গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা বিদেশি একটি পিস্তল, একটি রিভলবার ও গুলি উদ্ধার করেছেন।
র্যাব-৭ এর অধিনায়ক সাফায়াত জামিল ফাহিম জানান, রুটি সোহেল ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত পাঁচ নম্বর আসামি। এছাড়া বিরিঞ্চি এলাকার ব্যবসায়ী আবু সাঈদ হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতিপক্ষের ওপর হামলা, মাদক ব্যবসাসহ বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে ছয়টি মামলা ও অনেক অভিযোগ রয়েছে। গত ২১ মার্চ সে জামিনে মুক্তি পায়।
/এমএ/








