লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হওয়ার দুই দিন পর বরিশালের উজিরপুর উপজেলার জেলে সুমন হাওলাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লস্করপুর লঞ্চঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সুমন হাওলাদার উজিরপুর পৌরসভার তৈয়ব আলীর ছেলে। গত শনিবার যাত্রীবাহী এমভি তরিকা-২ এর ধাক্কায় নৌকাডুবির ঘটনায় সুমন হাওলাদার নিখোঁজ হন।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে পিরোজপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী এমভি তরিকা-২ উজিরপুরের সন্ধ্যা নদীর চতলবাড়ি অতিক্রম করার সময় সুমন হাওলাদারের মাছ ধরার নৌকায় ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে গিয়ে সুমন নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। স্থানীয়রা আজ (সোমবার) সকালে সন্ধ্যা নদীর লস্করপুর লঞ্চঘাট এলাকায় সুমনের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুমন হাওলাদারের পরিবারের কাছে হস্তান্তর করে।
এমভি তরিকা-২ এর কর্তৃপক্ষের সঙ্গে দুর্ঘটনার বিষয়ে সমঝোতা হওয়ায় নিহতের স্বজনরা এ ঘটনায় মামলা করেননি বলে জানিয়েছেন ওসি গোলাম ছরোয়ার।
/এমএ/








