বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের উল্টোরথ যাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুলাই) বিকালে শহরের কেন্দ্রীয় মন্দির শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ী থেকে বিপুলসংখ্যক ভক্তের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মধ্যপাড়া রাধামাধব মন্দিরে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
ব্রাহ্মণবাড়িয়া ইসকন ভক্তিবৃক্ষ নামহট্ট শাখার সভাপতি প্রবীর দাস ব্রহ্মচারী এবং দক্ষিণ কালীবাড়ী মন্দিরের প্রধান পুরোহিত অচিন্ত চক্রবর্তী বলেন, ‘ভক্তদের বিশ্বাস রথোপরি দেবমূর্তি দর্শন ও রথ টেনে নেওয়ার সুযোগ তাদের জন্য দেবতার আশীর্বাদ লাভে সহায়ক। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়। এর ৯ দিন পর উল্টোরথ উৎসব হয়ে থাকে।
গত ২৫ জুন বিকালে শোভাযাত্রাটি শহরের রাধামাধব মন্দির থেকে বের হয়। পরে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রীয় মন্দির শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ীতে এসে শেষ হয়।
সোমবার উল্টোরথের মাধ্যমে রথযাত্রাটি আবার রাধামাধব মন্দিরে পৌঁছে। এর মধ্যে দিয়ে ৯ দিনের রথযাত্রা অনুষ্ঠান শেষ হলো।
/এএম/এসএমএ/








