গাজীপুরে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে কর্মী হতাহতের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সোমবার (৩ জুলাই) রাতে জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবির এ তথ্য জানান।
জেলা প্রশাসক জানান, বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট রায়হানুল ইসলামকে প্রধান করে আট সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফায়ার সার্ভিস, জেলা পুলিশ, বিজিএমইসহ বিভিন্ন সংস্থার সাত জন প্রতিনিধিকে সদস্য রাখা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে সহায়তাও দেওয়া হবে, বলেও জানান তিনি।
উল্লেখ্য, সোমবার (৩ জুলাই) রাত ৯টা পর্যন্ত ঘটনাস্থল থেকে ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সালমান শাহ (৩০) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ জন মারা যান। বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে।








