স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় জামিন পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান। বুধবার (৫ জুলাই) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জুলফিকার আলী তাকে অন্তর্বতীকালীন এ জামিন দেন। বাদীর আইনজীবী শামসাদ বেগম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শামসাদ বেগম বলেন, ‘তিনি (হাফিজুর) আজ কোর্টে এসে আপসের শর্তে জামিন নিয়েছেন। মামলার পরবর্তী তারিখ পর্যন্ত তিনি জামিনে থাকবেন।’
এর আগে সোমবার (৩ জুলাই) অধ্যাপক হাফিজুরের স্ত্রী আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন। অভিযোগটি মামলা আকারে গ্রহণ করে অধ্যাপক হাফিজুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
আইনজীবী শামসাদ বেগম বলেন, ‘অধ্যাপক হাফিজুরের সঙ্গে ২০০৪ সালে বাদীর বিয়ে হয়। তাদের দুই সন্তানও রয়েছে। দীর্ঘদিন ধরে হাফিজুর যৌতুক দাবি করে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। গত ৩০ এপ্রিল তিনি স্ত্রীর কাছে ৫০ লাখ টাকা দাবি করে স্ত্রী-সন্তানদের ভাড়া বাড়িতে রেখে চলে যান। পরে তার স্ত্রী বিষয়টি নানাভাবে আপস করার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় আদালতে মামলা করেন।
এ বিষয়ে জানতে অধ্যাপক হাফিজুর রহমানের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
/এএম/এমএ/








