সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাও ইউনিয়নের খালপার গ্রামের সুরমা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পথচারীরা লাশটি দেখে পুলিশকে খবর দেয়। সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ এ তথ্য জানান।
ওসি হারুন অর রশীদ জানান, যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসামানী মেডিক্যাল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, লাশটির বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্ত ঝরতে দেখা গেছে। লাশের পরনে থাকা পোশাকের পকেটে টাকা ও মোবাইল ফোন ছিল।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, ‘ লাশের পোশাকের পকেটে পাওয়া মোবাইল সেটটিতে সিম ছিল না। তবে ডায়াল লিস্টে থাকা নম্বরগুলো ধরে অনুসন্ধান চালানো হচ্ছে।’
/এনআই/








