দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি সাংগঠনিকভাবে স্থগিত করা হয়েছে। মৌলভীবাজার জেলা ছাত্রলীগ এর সভাপতি মো. আসাদুজ্জামান রনি বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ৫ জুলাই মৌলভীবাজার জেলা ছাত্রলীগ এর সভাপতি মো. আসাদুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনির পৃথক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হযেছে, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাসুদ আহমেদ, সাধারণ সম্পাদক রাজু দেব রিটন ও শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাত ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাসকে কেন সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হবে না সে বিষয়ে নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে উপজেলা ও কলেজ ছাত্রলীগ কমিটিকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত গত ৪ জুলাই শ্রীমঙ্গল সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৭ জন গুরুতর আহত হন । আহতরা হলেন- মাসুদ গ্রুপের ইফতি, ইমন, ছাদিক, মেহরাব এবং রাজ গ্রুপের কলেজ সভাপতি সুজাত, সম্রাট ও নয়ন। এরা উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ ও সাধারণ সম্পাদক রাজু গ্রুপের অনুসারী।
জানা যায়, শ্রীমঙ্গল সরকারি কলেজের পাশের দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র নীরব বেশ বেশকিছু দিন ধরে সরকারি কলেজে এসে শিক্ষার্থীদের পাঠ দানে ব্যাঘাত সৃষ্টি করছিল। মঙ্গলবার সে কলেজে আসলে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্য সংঘর্ষ শুরু হয়। এসময় ইফতি নামে এক ছাত্রকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। এ ঘটনায় সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ৭ জন গুরুতর আহত হয়।
/টিএন/








