বান্দরবান-রোয়াংছড়ি প্রধান সড়কের বিজিবি সেক্টর এলাকায় বেইলি ব্রিজ ভেঙে বান্দরবানের সঙ্গে রোয়াংছড়ি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার (৭ জুলাই) সকালে বিজিবি সেক্টর এলাকায় একটি বালি বোঝায় ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা সড়ক ও জনপদের (সওজ) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্রিজ মেরামতের কাজ শুর করেছেন। সন্ধ্যার মধ্যে ব্রিজটি সচল হবে বলে আশাবাদ জানিয়েছেন সওজের স্থানীয় নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম খান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বালু বোঝায় একটি ট্রাক বিজিবি সেক্টর সদর দফতরে নির্মাণ কাজের জন্য বালু নিয়ে যাচ্ছিল। পথে বিজিবির সেক্টর এলাকার পাশে বেইলি ব্রিজে ট্রাকটি উঠলে ব্রিজের পাটাতন ভেঙে পড়ে। এতে বান্দরবানের সঙ্গে রোয়াংছড়ির যোগাযোগ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী অংশৈপ্রু মারমা বলেন, ‘বালু বোঝায় ট্রাকটির লোড বেশি হওয়ায় বেইলি ব্রিজটির পাটাতন ভেঙে ট্রাকের একপাশের চাকা নিচে ঢুকে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজটি সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করা হবে।’
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ার খবর পেয়েই আমরা মেরামতের কাজ শুরু করেছি। আশা করছি, সন্ধ্যার মধ্যেই ব্রিজটি চলাচলের উপযোগী হয়ে উঠবে।’
আরও পড়ুন-








