সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার নদীর পানি। এর ফলে জেলার পাঁচটি উপজেলার ২৮টি ইউনিয়নের চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় হুমকির মধ্যে পড়েছে চৌহালীতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর নদীর তীর রক্ষা বাঁধ।
সিরাজগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম বলেন, গত দুই দিন ধরে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে যমুনার পানি। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল থেকে শুক্রবার (৭ জুলাই) দুপুর পর্যন্ত কমপক্ষে ৩২ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মামুন বলেন, ‘চৌহালী তীর রক্ষা বাঁধের অদুরে চর-সলিমাবাদ এলাকায় শুক্রবার সকালে ভাঙ্গন দেখা দেয়ায় তা প্রতিরোধে বালির বস্তা নিক্ষেপ করা হচ্ছে।’
মেছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, গত তিন দিন ধরে নদীর পানি বৃদ্ধির ফলে মেছড়া ইউনিয়নের সাতানিয়া, আকনা দিঘী, মাটিকোড়া, গটিয়া খামারপাড়াসহ অন্তত ১২টি গ্রাম প্লাবিত হয়েছে।
অন্যদিকে সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নবীদুল ইসলাম জানান, পঞ্চসোনা, দুখিয়াবাড়ী, গাছাবাড়ী ফুলবাড়ী, চক বয়ড়া, মোহনপুর ও দুখিয়াবাড়ী গ্রাম প্লাবিত হয়েছে। এসব অঞ্চলের মানুষজন পানিবন্দি হয়ে পড়েছে। অনেকেই মহাসড়কের উপর আশ্রয় নিচ্ছে।
/এএইচ/এসএমএ/








