বাগেরহাটের ফকিরহাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) দুপুরে ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামে এ ঘটনা ঘটে। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলো- উপজেলার আট্টাকী গ্রামের হোটেল মালিক মো. ইলিয়াস হোসেনের মেয়ে নুসরাত (৩) ও একই গ্রামের মোটর-মেকানিক রুবেল শেখের মেয়ে রুবাইয়াৎ (৪)। নিহত শিশুরা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
হোটেল মালিক ইলিয়াস হোসেন বলেন, ‘নুসরাত ও রুবাইয়াৎ বাড়ির উঠানে খেলছিল। সেখান থেকে সবার অলক্ষ্যে তারা বাড়ির পিছনের পুকুরে চলে যায় এবং কোন এক সময় পুকুরের পানিতে পড়ে যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
ওসি মো. বজলুর রহমান বলেন, ‘পরিবারের অসাবধানতার কারণে পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে।’
/এমএ/








