পঞ্চগড়ের আটোয়ারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৃপ্তি রাণী (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তৃপ্তি রাণী সাতখামার এলাকার যতীন্দ্র রায়ের মেয়ে।
স্থানীয়রা জানায়, তৃপ্তি রাণী গত কয়েক দিন আগে বোদা উপজেলার মাড়েয়া এলাকার স্বামীর বাড়ি থেকে আটোয়ারী উপজেলার সাতখামার এলাকায় বাবার বাড়িতে বেড়াতে আসেন। রবিবার দুপুরে বাবার বাড়ির পাশের ইটভাটার কাছে হাঁটতে হাঁটতে ভাটার জন্য রাখা মাটির ঢিবিতে উঠেন তৃপ্তি। ওই মাটির ঢিবির পাশ দিয়েই চলে গেছে বিদ্যুতের লাইন। হঠাৎ ওই লাইনে হাত লাগায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
/এমএ/








