৫ দফা দাবি আদায়ে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার বেলা ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচির আয়োজন করা করা।
মানববন্ধনে বক্তব্য রাখেন হরিজন ঐক্যপরিষদের সভাপতি রিপন জমাদার, সাধারণ সম্পাদক মুকেশ হরিজন, সহ-সাধারণ সম্পাদক শংকর হরিজন, কার্যকরী সদস্য রাণী হরিজন, জ্যোৎস্না হরিজন, পুতুল হরিজন এবং সমাজের মাতবর মেঘলাল চৌধুরী।
বক্তারা বলেন, সিটি করপোরেশন ও পৌরসভায় হরিজনদের স্থায়ী নিয়োগ, সর্বনিম্ন বেতন ১০ হাজার টাকা, আবাসন ব্যবস্থার ব্যবস্থাসহ এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সময় হরিজনদের সম্পৃক্ত করতে হবে। তারা বলেন, পরিচ্ছন্নকর্মী পদের সংরক্ষিত ৮০ শতাংশ কোটায় অযৌক্তিক কিছু শর্ত আরোপ করে সরকার হরিজনদের নিয়োগ বঞ্চিত করা হচ্ছে। সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হরিজন শিক্ষার্থীদের এক শতাংশ কোটা থাকলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। শিক্ষিত হওয়ার পরও হরিজন সম্প্রদায়ের ছেলে মেয়েরা চাকুরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে।
বক্তারা বলেন, বাংলাদেশ সংবিধানে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ভেদে কোনও নাগরিকের প্রতি বৈষম্য না করার অঙ্গীকার করা হয়েছে। অথচ হরিজনরা সবক্ষেত্রে, সবসময় বৈষম্যের শিকার হচ্ছে। তারা মানবাধিকার থেকেও বঞ্চিত হচ্ছে।
মানববন্ধন শেষে সংগঠনটির নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
/টিএন/ আপ- এমএ/








