ফরিদপুরে পাসপোর্ট অফিসে দালালি করার দায়ে তিন ব্যক্তিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ১টার দিকে শহরের চাঁনমারী এলাকায় অবস্থিত ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও ডেপুটি কালেক্টর নেজারত (এসডিসি) মো. পারভেজ মল্লিক।
কারাদন্ডপ্রাপ্ত ওই তিন ব্যাক্তি হলেন, শহরের কমলাপুর মহল্লার মো. মনিরুজ্জামান (২৭), উত্তর কমলাপুর মহল্লার রাকিব বিশ্বাস ওরফে রাজু (৩১) এবং ফরিদপুর সদরের চর আদমপুর গ্রামের আরিফুল ইসলাম ওরফে লিটন (৩০)।
র্যাব-৮ ফরিদপুর কোম্পারি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইচ উদ্দিন বলেন, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে র্যাবের একটি দল পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ওই তিন ব্যাক্তিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২১ টি পাসপোর্ট, ৫ শতাধিক পাসপোর্টের ফরম ও ব্যাংকের কিছু রশিদ উদ্ধার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী হাকিম মো. পারভেজ মল্লিক বলেন, ওই ব্যাক্তিরা পাসপোর্ট করতে আসা গ্রাহকদের বিভিন্ন ভাবে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল। তিনি বলেন, ওই তিন ব্যাক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারার ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
/টিএন/








