সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল সর্বজনীন দূর্গা মন্দিরে স্বরসতী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছ। সোমবার (১০ জুলাই) দিবাগত রাতে যেকোনও সময় প্রতিমাটি ভাঙচুর করা হয়। এ ঘটনায় কাজিপুর থানায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবলু সাহা বাদী হয়ে মামলা করেছেন। মন্দির কমিটির সভাপতি প্রতুল চন্দ্র সাহা এ তথ্য জানান।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু জানান, ‘ঘটনার পর মন্দিরে পুলিশের পাহারা বসানো হয়েছে। কে বা কারা ভাঙচুর করেছে সে বিষয়ে মামলায় উল্লেখ নেই। অনুসন্ধান করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার জন্য প্রক্রিয়া চলছে।’
প্রতুল চন্দ্র সাহা জানান, ‘মঙ্গলবার সকালে ভক্তরা মন্দিরে প্রণাম করতে গিয়ে দেখে স্বরসতী প্রতিমার দেহ থেকে মাথাটি আলাদা করা হয়েছে। হাতও ভাঙার চেষ্টা করেছে। প্রতিমার সঙ্গে থাকা বীনাটি পাশে পড়ে আছে।’ তিনি জানান, পরে খবর পেয়ে পুলিশের সদর সার্কেল এএসপি আলমগীর হোসেন, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বিজয় দত্ত, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক সুকান্ত সেন, কাজিপুর উপজেলা কমিটির সভাপতি প্রফেসর পরিমল কুমার তরফদার, কাজিপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জল ভৌমিক, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি জনি সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
/এনআই/








