মাগুরাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেছেন, ‘ফরিদপুরের মধুখালী থেকে মাগুরা শহর পর্যন্ত দীর্ঘ ২৩ কিলোমিটার রেলপথ নির্মাণ হবে। এ সংক্রান্ত প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। আগামী দেড় বছরের মধ্যে এ প্রকল্প বাস্তবায়িত হবে।’
শনিবার (১৫ জুলাই) বিকালে মাগুরা সদর উপজেলার রামনগর স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
রেলমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার দেশের রেলখাতে কোনও উন্নয়ন করেনি। তারা বরং অসংখ্য রেলপথ ধ্বংস করেছে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেণ শিকদার, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, এটিএম আব্দুল ওয়াহ্হাব, কামরুল লায়লা জলি, প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডুসহ অনেকে। জনসভাকে ঘিরে মাগুরাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
উল্লেখ্য, গত ২১ মার্চ এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরায় রেললাইন নির্মাণের প্রতিশ্রুতি দেন।
/এমএ/








