গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকলের সাহেবগঞ্জ-বাগদা ফার্মে হামলা চালিয়ে সাঁওতালদের উচ্ছেদ ও তিন জনকে হত্যার ব্চিার এবং ক্ষতিপূরণসহ সাত দফা দাবিতে আদিবাসী-বাঙালিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
শনিবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লী থেকে সাঁওতাল ও বাঙালি নারী-পুরুষরা বিক্ষোভ মিছিল নিয়ে গাইবান্ধা জেলা শহরে প্রবেশ করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ হয়।
সাঁওতাল নেতা ফিলিমন বাসকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদ, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, সংহতি পরিষদের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। এসময় ক্ষতিগ্রস্ত সাঁওতালরাও বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, সাঁওতাল পল্লীতে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগসহ তিন সাঁওতাল হত্যার আট মাস অতিবাহিত হলেও এর কোনও বিচার হয়নি। তারা নৃশংস ওই ঘটনার দ্রুত সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণের দাবি জানান। অন্যথায় ধর্মঘট ও অবরোধসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
/এএম/ এপিএইচ/








