পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ছয়টি স্টেশন প্রধানসহ ২০ টি ক্যাম্প ইনচার্জকে চাঁদা চেয়ে হুমকি দিয়েছে সর্বহারা পার্টি। শুক্রবার (১৪ জুলাই) ও শনিবার (১৫ জুলাই) মোবাইল ফোনের মাধ্যমে তাদের হুমকি দেওয়া হয়। চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. নুরুজ্জামান বাংলা ট্রিবিউনকে চাঁদা চেয়ে সর্বহারা পার্টির হুমকির তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ‘সর্বহারা পার্টির পক্ষ থেকে বিপ্লব, রানা এবং মহিউদ্দিন নামের তিন ব্যাক্তির পরিচয় দিয়ে এ হুমকি দেওয়া হয়।’
মো. নুরুজ্জামান বলেন, ‘এ ঘটনায় মংলা, মোড়েলগঞ্জ এবং দাকোপ থানায় পৃথকভাবে সাধারণ ডায়েরি করা হয়েছে।’ তিনি বলেন, ‘চাঁদপাই রেঞ্জের সহকারী বনকর্মকর্তা (এসিএফ) মো. মেহেদিজ্জামান, স্টেশন কর্মকর্তা মো. নুরুজ্জামান, জিউধারা স্টেশন কর্মকর্তা গাজী জাহাঙ্গীর আলম, ধানসাগর স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, করমজল স্টেশন কর্মকর্তা আজাদ কবির এবং হারবাড়িয়া স্টেশনের কর্মকর্তা কাসরুল ইসলামকে চাঁদা চেয়ে সর্বহারা পার্টি হুমকি দেয়। এসময় এসব স্টেশনের আওতায় ২০ টি ক্যাম্পের ইনচার্জদেরও (ওসি) চাঁদা চেয়ে হুমকি দেয় সর্বহারা পার্টির সদস্যরা।’
চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, ‘হুমকিদাতারা তাদের অন্য সদস্যদের চিকিৎসা খরচের জন্য জনপ্রতি ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করেছে। এ ঘটনায় চাঁদপাই রেঞ্জের ছয়টি স্টেশনের আওতাধীন বনের গহীনে থাকা আরও ২০ টি ক্যাম্পের ইনচার্জরা আতঙ্কে রয়েছে।’
বনবিভাগের খুলনার সহকারী বনসংরক্ষক (সিএফ) আমির হোসেন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রশাসনের বিভিন্ন দফতরে ঘটনাটি অবহিত করা হয়েছে।’
/এনআই/








