জামালপুরে যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার কমেছে। পানি নামতে শুরু করায় সেখানকার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী রবিবার (১৬ জুলাই) সকালে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘রবিবার সকালে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে যমুনার পানি প্রবাহিত হয়। শনিবার এই পয়েন্টে পানি ছিল বিপদসীমার ৭৯ সেন্টিমিটার ওপরে। ২৪ ঘণ্টায় পানির উচ্চতা কমেছে ২০ সেন্টিমিটার।’
তবে এলাকাবাসীর অভিযোগ, বন্যার পানি নামতে শুরু করলেও বানভাসি মানুষের দুর্ভোগ কমেনি। খাবার ও গো-খাদ্যের অভাব ছাড়াও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। বেশির ভাগ এলাকায় দেখা দিয়েছে ঠাণ্ডা-জ্বর-কাশি, পেটের পীড়া ও খোস-পাঁচড়া।
স্বাস্থ্য বিভাগের দাবি, বন্যা কবলিত এলাকায় ৭৭টি মেডিক্যাল টিম কাজ করছে। কিন্তু কোন চিকিৎসাকর্মীকে দেখা যায়নি বলে জানিয়েছে দুর্গতরা।
এএইচ/








