সাতক্ষীরার আশাশুনি উপজেলার দুর্গাপুর গ্রামে যৌতুকের দাবিতে নুরজাহান আলো (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর মামা আবদুর রহিম বলেন, ‘গত ২ জুন আশাশুনি উপজেলার দুর্গাপুর গ্রামের শাহিনুর ইসলামের সঙ্গে একই উপজেলার শীতলপুর গ্রামের আবুল কালামের মেয়ে নুরজাহান আলো’র বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শাহিনুর তাকে প্রায়ই নির্যাতন করতো।’ এ কারণেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন আবদুর রহিম।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন বলেন, ‘আমি ছুটিতে আছি। বিষয়টি জানার পর ঘটনাস্থলে এসআই আব্দুল আজিজকে পাঠানো হয়েছে।’
আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মোবাইল ফোনে জানান, ‘আমি ঘটনাস্থলে আছি। সুরতহাল করার পর বিস্তারিত জানাবো।’
/এসএসএ/এসএমএ/








