দিনাজপুরের হিলিতে ট্রাকচাপায় পুলিশের এক উপ-সহকারী পরিদর্শক ও এক কনস্টেবল নিহতের ঘটনায় ট্রাকচালক শামসুল আলমকে (৩৫) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতেই অভিযান চালিয়ে শামসুল আলমকে আটক করা হয়। শুক্রবার (২৮ জুলাই) রাত পৌনে ১০টার দিকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
শামসুল আলম নীলফামারী জেলা সদরের বারবরিয়া এলাকার শঠিপাড়া গ্রামের নুরুল হুদার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে হিলির মহিলা কলেজ এলাকা থেকে পুলিশের উপ-সহকারী পরির্দশক আব্দুল হাই সিদ্দিক ও কনস্টেবল আশরাফুল আলম দায়িত্ব শেষে মোটরসাইকেলে করে হাকিমপুর থানায় ফিরছিলেন। হিলি-জয়পুরহাট সড়কের হিরামতি সিনেমা হলের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকামেট্র-ট-২০-২৬০৮) তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে বিকাল ৫টা ৪৫ মিনিটে তারা রমেক হাসপাতালে মৃত্যুবরণ করেন।
পুলিশ আরও জানায়, ঘটনার পর ট্রাককে আটক করা হয়। তবে ঘটনার পর পরই ট্রাকচালক শামসুল আলম পালিয়ে যায়। পরে রাতে হিলিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ওসি আব্দুস সবুর জানান, শামসুল আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে শুক্রবার বিকালে তাকে আদালতের মাধমে কারাগারে পাঠানো হয়েছে।
/এমএ/








