পঞ্চগড়ে লিজানুর রহমান (১৫) ও রিফাত হোসেন (১২) নামে দারুল উলুম মদিনাতুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসার দুই ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) বিকাল থেকে ওই দুই ছাত্রের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় শনিবার (২৯ জুলাই) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।
লিজানুর রহমান তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত এলাকার আব্দুস সবুরের ছেলে এবং রিফাত হোসেন সদর উপজেলার যতনপুকুরী এলাকার শফিউল ইসলামের ছেলে।
জিডি সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে লিজানুর রহমান ও রিফাত হোসেন ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে মাদ্রাসা থেকে বের হয়ে রিফাতের বাড়ি যতনপুকুরীতে যায়। ওই বাড়ি থেকে তারা রেললাইন দেখার কথা বলে বের হয়। কিন্তু এরপর থেকে তাদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা মাদ্রাসাও যায়নি, আবার বাড়িতেও ফেরেনি।
রিফাতের বাবা শফিউল ইসলাম বলেন, ‘এর আগে রিফাত ভাল না লাগায় ঢাকার উত্তরার এক হাফেজিয়া মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি আসে। এরপর আমি তাকে পঞ্চগড় দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদ্রাসায় ভর্তি করে দিই। শুক্রবার বিকালে রিফাত লিজানুরকে নিয়ে আমাদের বাড়িতে আসে। পরে রেললাইন দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় সে তার ভাবীর মোবাইল ফোনটিও সঙ্গে নিয়ে গেছে। ওই নম্বরে আমরা বার বার ফোন দিচ্ছি, কিন্তু অন্য লোক কল রিসিভড করতেছে। এখনও তাদের কোনও খোঁজ পাইনি।’
লিজানুরের বাবা আব্দুস সবুর বলেন, ‘লিজানুর এর আগে বাড়ির পাশের হাফেজিয়া মাদ্রাসায় পড়তো। ৭ মাস আগে তাকে পঞ্চগড়ে ভর্তি করে দিই। শুক্রবার থেকে তার খোঁজ না পাওয়ায় মাদ্রাসার হুজুর আমাকে ফোন করে জানান। তারপর থেকে আমরা সবাই বিভিন্ন জায়গায় খোঁজ করছি, কিন্তু কোথাও পাচ্ছি না।’
পঞ্চগড় দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এজাজ আহম্মদ বলেন, ‘দুই জন শিক্ষার্থী মাদ্রাসার আবাসিক নিয়ম ভেঙে পালিয়ে গেছে। আমরা নিয়মানুযায়ী তাদের পরিবারকে বিষয়টি জানিয়েছি। সবাই মিলে খোঁজাখুঁজি করেছি। না পেয়ে সকলের পরামর্শে পঞ্চগড় থানায় জিডি করেছি।’
ওসি রবিউল হাসান সরকার বলেন, ‘দুই ছাত্রকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’
/এমএ/








