বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা-মংলা মহাসড়কে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক অজ্ঞাত সন্ত্রাসী নিহত হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতের লাশ মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা র্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান বলেন, ‘মোল্লাহাট ও গোপালগঞ্জ এলাকায় বাস ডাকাতি বেড়ে যাওয়ায় র্যাব-৬ এর পক্ষ থেকে মোল্লাহাট এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দুটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালিয়ে আসতে দেখে র্যাবের পক্ষ থেকে তাদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় মোটসাইকেল দুটি ইউটার্ন করে পিছনের দিকে চলে যাওয়ার চেষ্টা করে। তবে একটি মোটসাইকেল চেকপোস্টের কাছাকাছি চলে আসায় তারা র্যাবের ওপর গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র্যাবও আত্মরক্ষার্থে গুলি কর মোটরসাইকেলে থাকা তিন জনের একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। তবে অপর দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।’
তিনি আরও বলেন, ‘পরে ঘটনাস্থলে তল্লাশী করে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসী, একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ডগুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ সন্ত্রাসীকে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়।’
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, ‘র্যাবের পক্ষ থেকে একটি অজ্ঞাত লাশ থানায় হস্তান্তর করা হয়েছে। তার পরিচায় এখনও পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশটি বাগেরহাট সদরর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
/এসএনএইচ/








