ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের নাটাবাড়িয়া গ্রামের জহুরুল ইসলাম নামের এক দিনমজুরকে একঘরে করে অভিযোগে সংশ্লিষ্টদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এ আদেশ দেন। আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেন আদালত।
ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. সোহেল রানা এ তথ্য জানান।
মামলার (মিস কেস ১৭/১৭ নম্বর) আদেশে বলা হয়েছে, ‘দিন মজুর জহুরুল ইসলামকে একঘরে করে রেখে তাকে কতিপয় ব্যক্তি কাজকর্ম ও চলাফেরায় বিঘ্ন সৃষ্টি করেছেন। চলাফেরা ও কাজ করার স্বাধীনতা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। এই অধিকার ভঙ্গ করে তাকে একঘরে ও গত ১২ জুলাই ভুরিভোজের মাধ্যমে দিন মজুর জহুরুল ইসলামের প্রতি বেআইনি আচরণ করা হয়েছে। এই ধরনের বেআইনি কর্মকাণ্ডে সমাজে বিশৃংখলা সৃষ্টি করে। ফলে অসামাজিক এসব অনাচার বন্ধ ও এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি।
ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. সোহেল রানা জানান, আদালতের কপি ইতোমধ্যে ঝিনাইদহ পিবিআই অফিসে পাঠানো হয়েছে।
/এসএমএ/








