বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় রাজশাহীর তানোর উপজেলার এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শরিফ উদ্দিন মুন্সি উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক। মঙ্গলবার (১ আগস্ট) রাতে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, পৌর যুবলীগ সভাপতি রাজিব সরকারের মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে শরিফকে গ্রেফতার করা হয়। তিনি তানোর উপজেলার মালশিরা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
মামলার বরাত দিয়ে ওসি রেজাউল ইসলাম আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে নিয়মিত স্ট্যাটাস দিতেন যুবদল নেতা শরিফ। মঙ্গলবার দুপুরে তানোর পৌর যুবলীগ সভাপতি রাজিব সরকার হিরো বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে শরিফের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। শরিফ দীর্ঘদিন ধরে ফেসবুকে সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছিলেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী।
এএইচ/এমএ/








