রানওয়েতে বাংলাদেশ নৌবাহিনীর একটি মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফট দুর্ঘটনার কবলে পড়ায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) সাড়ে ৫টার দিকে নৌবাহিনীর এয়ারক্র্যাফটটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৫টা ৪৭ মিনিট থেকে বিমান ওঠা-নামা বন্ধ করে দেওয়া হয়।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
রিয়াজুল কবির বলেন, ‘রানওয়েতে নৌবাহিনীর একটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট নিরাপদে অবতরণ করার পর এগুনোর সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ কারণে তাৎক্ষণিকভাবে শাহ আমানতে বিমান ওঠা-নামা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এয়ারক্রাফটটি না সরানো পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সিভিল এভিয়েশন ও বিমানবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছে। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।’
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম হয়ে দোহা যাওয়ার কথা ছিল। কিন্তু, এটি ঢাকা থেকে রওনা হয়েও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নামতে না পারায় আবারও ঢাকায় ফিরে আসে।
/এমএ/টিএন/








