জমি নিয়ে বিরোধের জের ধরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে বোনকে কুপিয়েছে তারই দুই ভাই ও এক বোন। গুরুতর অবস্থায় ওই নারীকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ।
নিহতের নাম হুসনে আরা (৪২)। তিনি কুষ্টিয়ার হাফিজুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের মৃত মনা মালিথার জমিজমা ভাগ-বাটোয়ারা নিয়ে তার চার ছেলে-মেয়ের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। বাবার রেখে যাওয়া পাঁচ বিঘা জমির ভাগ-বাটোয়ারা নিতে বুধবার (২ আগস্ট) কুষ্টিয়া থেকে বাবার বাড়িতে আসেন হুসনে আরা ছবি।
বৃহস্পতিবার বিকালে ভাই-বোনদের মধ্যে আলোচনার সময় কথা কাটাকাটি জয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হুসনে আরার দুই ভাই মতিন ও শাহীন এবং বোন মিনি ধারালো বটি দিয়ে তাকে আঘাত করেন। এতে গুরুতর আহত হন হুসনে আরা। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে রামেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ বলেন, ‘বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটেছে। দোষীদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।’
আরও পড়ুন-








