গাজীপুরে তুচ্ছ ঘটনার জেরে বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকালে রতন মিয়া (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত রতন গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকার সালাহ উদ্দিন ওরফে সেলা মিয়ার ছেলে। তাকে বাঁচাতে গিয়ে হত্যাকারীদের ছুরিকাঘাতে এক ব্যাক্তি আহত হয়েছেন। এসময় এক সন্ত্রাসীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রতনের ফার্নিচারের ব্যবসা ছিল।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, চা-পুরি বিক্রির একটি দোকানের বেঞ্চে বসাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকালে ফার্নিচার ব্যবসায়ী রতনের সঙ্গে সাগর ও লিমন নামের দুই যুবকের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। সাগর মারিয়ালী কলাবাগান এলাকার কামাল হোসেনের ছেলে এবং লিমন একই এলাকার সুলতান উদ্দিনের ছেলে। বাক-বিতণ্ডার এক পর্যায়ে রতনকে জাপটে ধরে সাগর। এসময় লিমন ওই দোকান থেকে পেঁয়াজ কাটার ছুরি নিয়ে রতনের কাঁধের সামনে ও পেছনে এবং পিঠে এলোপাতাড়ি আঘাত করে। রতনকে বাঁচাতে এলাকাবাসী এগিয়ে এলে লিমন আরেক ব্যাক্তিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত রতনকে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এলাকাবাসী আটক সাগরকে ছোরাসহ পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে লিমন পলাতক রয়েছে।
নিহতের বাবা সালউদ্দিন জানান, হত্যাকারী লিমন ও সাগর থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করে। তারা বিকালে রতনকে ডেকে কলাবাগান এলাকায় নিয়ে খুন করে। জমি নিয়ে বিরোধের কারণে তারা দীর্ঘদিন ধরে নানাভাবে হয়রানি করে আসছিল। আগেও তারা একাধিকবার হত্যার হুমকি দিয়েছে রতনকে।
/এএম








