চট্টগ্রামে ৬০ কেজি গাঁজা ও দুই হাজার পিস ইয়াবাসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) ভোররাতে ও সকালে নগরীর সিটি গেইট ও অক্সিজেন-হাটহাজারীর নতুন পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। চট্টগ্রামের র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান ও বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিটি গেইট থেকে আটক তিন ব্যক্তি হলেন- চাঁদপুর জেলার মতলব থানার বহরী গ্রামের মো. আলমাচ (২৮), একই এলাকার মো. ওসমান (১৯) ও বরগুনার বেতাগী থানার বকুলতলী গ্রামে মো. সাগর (১৬)। আটককৃতরা ইপিজেড থানার বন্দরটিলা বাজারের পেছনের সৈয়দ আলম কলোনিতে থাকেন। অক্সিজেন-হাটহাজারীর নতুন পাড়া থেকে আটককৃতরা হলেন- সৈয়দুর রহমান (২৫) ও মহব্বত ইসলাম ওরফে মিশু (২৫)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, ‘কয়েকজন মাদক ব্যবসায়ী কাভার্ডভ্যানে করে বিপুল পরিমাণ গাঁজা ফেনী থেকে চট্টগ্রামে নিয়ে আসছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে নগরীর আকবরশাহ থানার সিটি গেইট সংলগ্ন মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে র্যাব সদস্যরা গাড়িতে তল্লাশি চালান। এসময় ফেনী থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা কাভার্ডভ্যানটিকে থামানোর সংকেত দেন। চালক গাড়িটি রাস্তার পাশে থামিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দিয়ে ধরার পর কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা পাওয়ায় যায়।’
তিনি আরও বলেন, ‘উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা আর কভার্ডভ্যানের মূল্য আনুমানিক ৪০ লাখ টাকা। জব্দ মালামাল, কাভার্ডভ্যান ও আটক আসামিদের আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে।’
এদিকে, ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘শুক্রবার সকালে অক্সিজেন-হাটহাজারীর নতুন পাড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১০ প্যাকেটে ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই অটোরিকশায় থাকা দুই যাত্রীকে আটক করা হয়। তাদের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’
/এমএ/








