বগুড়ার সোনাতলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে মামলা হলে শুক্রবার দুপুরে ওই দুই তরুণকে গ্রেফতার করা হয়। সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- সোনাতলার বালিয়াডাঙ্গা গ্রামের ওসমান গণী সরকারের ছেলে চরপাড়া কারিগরি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র তায়েফ (২২) ও একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে হাসান আলী (২৩)। হাসান আলী তায়েফের বন্ধু। শুক্রবার দুপুরে আটককৃতদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে তায়েফ ভিকটিমের বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভিকটিমের বাবা সোনাতলা থানায় অভিযুক্ত তায়েফ, তার বাবা ও মা এবং বন্ধু হাসান আলীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে তায়েফ ও তার বন্ধু হাসান আলীকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ‘বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। শনিবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষা হবে। এজন্য তাকে বগুড়ার এক হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হবে।’
এর আগে ১৭ জুলাই কলেজে ভর্তির বিষয়ে সাহায্যের নাম করে বগুড়া শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সদ্য এসএসসি পাস করা এক ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরে সে স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলরের সহযোগিতায় ভিকটিমটিকেই এ ঘটনার জন্য দায়ী করে এবং বিচারের নামে ভিকটিম ও তার মায়ের মাথা ন্যাড়া করে দেয়। এরপর তুফান মা ও মেয়েকে এসিড মারার হুমকিও দেয়। পরে ভিকটিম ও তার মায়ের চুল কেটে দিলে তারা থানায় মামলা করেন।
/এমএ/








