ঝিনাইদহ বিআরটিএ অফিস থেকে গ্রেফতার মিজানুর রহমান (৪০) ও রাজিব হোসেন (১৯) নামের দুই দালালকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের বাড়ি শহরের আরাপপুর গ্রামে। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী এ কারাদণ্ডাদেশ দেন।
জাফর সাদিক চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার দুপুরে আমি সেবা গ্রহীতার বেশে ঝিনাইদহ বিআরটিএ অফিসে যাই। তখন অফিসের ভেতর থেকে হাতে-নাতে দালাল মিজানুর রহমান ও রাজিব হোসেনকে গ্রেফতার করি। তখনই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড দেই।’
তিনি আরও বলেন, ‘বিআরটিএ অফিসে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে দালাল মিজানুর রহমানকে সাত দিনের জেল ও দুই হাজার টাকা জরিমানা এবং অপর দালাল রাজিব হোসেনকে সাত দিনের জেল দেওয়া হয়েছে।’
জাফর সাদিক চৌধুরী জানান, ‘দালালদের সঙ্গে বিআরটিএ অফিসের কোন কর্মচারী জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অফিসকে দালাল মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।’
/এনআই/








