জয়পুরহাটের পাঁচবিবি ও কালাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন পাঁচবিবির নয়াপাড়া গ্রামের দোকানি সোহরাব হোসেন (২০) ও ক্ষেতলাল উপজেলার খলিশাগাড়ি গ্রামের নির্মাণ শ্রমিক জাকের হোসেন (২৫)। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কিরণ কুমার এবং কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুমন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষে দোকানের পতাকা অর্ধনমিত করার জন্য মঙ্গলবার সকালে পাঁচবিবি বাজারের দোকানে যান দোকান কর্মচারী সোহরাব। সেখানে লোহার রডে পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। আহত অবস্থায় তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পৃথক ঘটনায় নিহত নির্মাণ শ্রমিক জাকের হোসেন কাজ করার জন্য মঙ্গলবার সকালে কালাই পৌর সদরের নুরুজ্জামান নামের একজনের বাড়িতে যান। বাড়ির দোতলার ছাদে ওঠার পর সেখানে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে নিচে পড়ে যান জাকের। সেখান থেকে কালাই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়ায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত জাকের হোসেনের বাবা মোফাজ্জল হোসেনের অভিযোগ, ওই বাড়ির ছাদে দীর্ঘদিন থেকে বিদ্যুতের মেইন খোলা অবস্থায় লাইন থাকলেও বাড়ির মালিক তা ঠিক করেননি। এর আগেও ওই বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও এক ব্যক্তি মারা যান। তারপরেও বাড়ির মালিক কোনও ব্যবস্থা নেননি।
/এএইচ/








