বগুড়া থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশনকৃত বিভিন্ন কোম্পানির ২ হাজার ৭শ ৯৫টি সিমকার্ড জব্দ করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় নয় জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রেসবিফ্রিং করে এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, ডিবি পুলিশের একটি গোপনে খবর পেয়ে সোমবার (১৩ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে শহরের চকযাদু ক্রসলেন প্রেসপট্টির আকন্দ লজের নিচতলা থেকে ২ হাজার ৩শ ৭০টি রবি, ৩শ ২৫টি গ্রামীণ এবং ১শ’টি টেলিটকসহ মোট ২ হাজার ৭শ ৯৫ সিম উদ্ধার করেন। সিমগুলো বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা ছিল।
এ ঘটনায় নয় জনকে গ্রেফতার করা হয়েছে। এসআই শাহীন কাদির সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে অভিযুক্তদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সদর) হাজির করে সাত দিন করে রিমান্ড চাওয়া হয়। প্রাথমিক জিঞ্জাসাবাদে তারা জানান, ঢাকা ও সিলেটের ভিওআইপি ব্যবসায়ীদের কাছে বিক্রির জন্য সিমগুলো মজুদ করা হয়েছিল।
গ্রেফতারকৃতরা হলো-সিমকার্ড ব্যবসায়ী শহরের দক্ষিণ কাটনারপাড়ার মৃত নিজাম উদ্দিনের ছেলে আশিক দৌলতানা অভি (৩৩), একই এলাকার মৃত আবদুল গোফফারের ছেলে নয়ন ইসলাম (২৮), মৃত মিঠু শেখের ছেলে রিয়াল শেখ (২০), এনামুল হোসেন নিরুর ছেলে রাফিউল ইসলাম অন্তর (২০), তাদের সহযোগী শহরের শিববাটি এলাকার এইচএম গোলাম রসুল খানের ছেলে রাফিদ হাসান খান (২৬), চকঝপু পূর্বপাড়ার আবদুল জলিলের ছেলে লিটন মিয়া প্রামানিক (৩০), নিশিন্দারা পশ্চিমপাড়ার মনসুর আলীর ছেলে মঞ্জুরুল হক মঞ্জু (২২), শাজাহানপুরের চাঙ্গুইর পূর্বপাড়ার রেজাউল করিমের ছেলে শফিউল আলম শাকিল (২৮) এবং গাবতলীর জামিরবাড়িয়া গ্রামের আবদুল করিমের ছেলে সেলিম রেজা (২৫)।
/এএইচ/








