গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুর্যোগের ঝুঁকি প্রশমন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও বজ্রপাত রোধে তিন হাজার তালবীজ রোপণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির সহযোগিতায় স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলার গ্রামীণ সড়কের দু’পাশে এসব তালবীজ রোপণ করা হয়।
মঙ্গলবার (২২ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ ধারাবাশাইল থেকে তালপুকুরিয়া পর্যন্ত গ্রামীণ সড়কে তালবীজ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা পরিষদ সদস্য রীনা মণ্ডল। এসময় কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ, ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির সিনিয়র এডিপি ম্যানেজার অনন্ত চাকমা, অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের প্রকল্প ম্যানেজার বিপ্লব তপাদার, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আলবার্ট সরকার, সিবিও সভাপতি ঝুমা মণ্ডল ও শিশু দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিপুল মণ্ডল উপস্থিত ছিলেন।
পরে পর্যায়ক্রমে কমিউনিটি দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকরা পূর্বপাড়া থেকে ওয়াপদা সড়ক, বান্দল থেকে মঠবাড়ী সড়ক, শুয়াগ্রাম থেকে কান্দি সড়কসহ পাঁচটি গ্রামীণ সড়কে তিন হাজার তালবীজ রোপণা করেন।








