খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে একই বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. শরীফ উদ্দিনকে চাকুরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রার কার্যালয় ওই শিক্ষককে চাকুরিচ্যুত করার আদেশ জারি করে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বছর খানেক আগের এ ঘটনায় ভিকটিম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। এর ভিত্তিতে ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িকভাবে বরখাস্ত করে। পরে ‘উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নীতিমালা-২০০৮’ অনুযায়ী গঠিত কমিটি বিষয়টি দীর্ঘদিন তদন্ত করে। ওই কমিটির কাছে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। গত ২৩ আগস্ট সিন্ডিকেটের সভায় তদন্ত রিপোর্ট দেয় কমিটি।
রেজিস্ট্রার প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম জানান, ‘উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নীতিমালা-২০০৮’-এর ৬.৩(ঝ) নং ধারা অনুযায়ী সিন্ডিকেটের ১৯২তম সভায় ড. মো. শরীফ উদ্দিনকে চাকুরিচ্যুত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।








