এক হাজার পিস ইয়াবাসহ এক বিজিবি সদস্য ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে জয়পুরহাট গোয়েন্দা পুলিশ। জেলা শহরের একটি চাইনিজ রেস্তোরাঁ থেকে তাদের গ্রেফতার করা হয়।
জয়পুরহাট শহরের ফুড-বেচাইনিজ রেস্তোরাঁয় ইয়াবার একটি বড় চালান বিক্রি হচ্ছে। গোপন সূত্রে এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক কাইয়ুম-এর নেতৃত্বে একদল পুলিশ রাত ৮টার দিকে সেখানে অভিযান চালায়। অভিযানে কক্সবাজার টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়ন এর সদস্য মাহবুবুর রহমান (২৫) (বিজিবি’র ব্যাচ নম্বর ৮১৯৬৬) ও সিরাজুল ইসলাম (৩৫) নামের তার এক সহযোগীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর দেহ তল্লাশি করে বিজিবি সদস্য মাহবুবুর রহমান এর কাছ থেকে ৮০০ পিস এবং তার সহযোগী সিরাজুল ইসলামের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সদস্য মাহবুবুর রহমানের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চেয়ারি গ্রামে। তার পিতার নাম মো. মজিবুর রহমান। তার সহযোগী সিরাজুল ইসলাম একই গ্রামের মোহাম্মদ আলী দেওয়ানের ছেলে।
জয়পুরহাট গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো: মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহবুবুর রহমান বিজিবি সদস্য হিসেবে কক্সবাজারের টেকনাফে কর্মরত থাকার কথা তাদের কাছে স্বীকার করেছে। ঈদের ছুটি নিয়ে সে বাড়ি এসেছে।








