খুলনা অঞ্চলের ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলের অবসরে যাওয়া শ্রমিক-কর্মচারিরা প্রভিডেন্ট ফান্ড (পিএফ) ও গ্রাচ্যুইটির বকেয়া পাওনার দাবিতে রবিবার (২৭ আগস্ট) সকাল থেকে একযোগে প্রতীক অনশন কর্মসূচি পালন করেছেন। সকাল ৯টা থেকে প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে বেলা দুইটা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। অবসরে যাওয়া শ্রমিকদের দাবি আদায় লিয়াজোঁ কমিটির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
অনশন কর্মসূচি চলাকালে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সৈয়দ আরব আলী। এছাড়া লিয়াজোঁ কমিটির সদস্য সচিব মো. নজরুল ইসলাম মোজাম্মেল হক, প্লাটিনাম জুট মিলের আবসরে যাওয়া শ্রমিক জাহাঙ্গীর হোসেন, মুন্সি ওয়াদুদ আলী, ক্রিসেন্ট জুট মিলের আব্দুস ছালাম সরদার, স্টার জুট মিলের আব্দুর রশিদ হাওলাদার, আলীম জুট মিলের রেজাউল হোসেন, ইস্টার্ন জুট মিলের মো. মোজাম্মেল হক, আব্দুল মজিদ, কার্পেটিং জুট মিলের শ্রমিক আহাদ আলী, জেজেআই জুটমিলের অবসরে যাওয়া শ্রমিক ইকবাল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।
এর আগে অবসরে যাওয়া শ্রমিক-কর্মচারিরা তাদের পিএফ ও গ্রাচ্যুইটির বকেয়া পাওনার দাবিতে গত ১৭ আগস্ট ঘেরাও ও বিক্ষোভ, ভুখা মিছিল কর্মসূচি পালন করেন।
অবসরের পর ৩০ কার্যদিবসের মধ্যে সবার ন্যায্য পাওনা পরিশোধের কথা থাকলেও পাট মন্ত্রণালয় ও বিজেএমসি অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করছে না বলে অভিযোগ করেন শ্রমিক-কর্মচারিরা। ঈদের আগেই সব বকেয়া পরিশোধ করার দাবি জানানো হয় অনশন কর্মসূচিতে।








