কোরবানির ঈদকে সামনে রেখে ফরিদপুরে জমে উঠেছে ফ্রিজ কেনা-বেচা। ফ্রিজ বিক্রির জন্য দেওয়া হচ্ছে নানা রকম ছাড়। একটি ফ্রিজ কিনলে কার্ড জেতা ক্রেতাকে কোরবানির জন্য কসাই ফ্রি দেওয়া হচ্ছে। এছাড়া ঈদ উপলক্ষে ইলেকট্রনিক অন্যান্য পণ্যে শতকরা পাঁচ থেকে ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
জানা গেছে, ফরিদপুরে শতকরা ৯০ শতাংশ ক্রেতাই গ্রামের নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। তাই বিক্রেতারা বিভিন্ন সুবিধা দিয়ে ক্রেতাদের আকর্ষণ করার চেষ্টা করছেন। অনেকেই বিক্রয় মূল্যের ওপর শতকরা পাঁচ থেকে ১০ শতাংশ ছাড় দিচ্ছেন। এছাড়া নতুন অফারের মধ্যে আছে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ফ্রিজ কিনলে কসাই বা মসলার বক্স ফ্রি।
লামিয়া ইলেকট্রনিকস এর ম্যানেজার আল নোমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্ক্র্যাচ কার্ডে ফ্রিজ কিনে কার্ড জেতা ক্রেতাকে কসাই ফ্রি দেওয়ার অফার চলছে। সরাসরি কসাইতো দেওয়া সম্ভব নয়। সে কারণে কার্ড জেতা ক্রেতাকে ১২ হাজার টাকা ছাড় দিচ্ছি।’
ফরিদপুর শহরের বড় দোকানদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূল দামের উপর ১০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েও তারা আগের বছরের মত ক্রেতা পাচ্ছেন না। নিপ্পন ইলেকট্রনিক্সের মালিক ওয়াহিদুজ্জামান বলেন, ‘গ্রামের মধ্যম আয়ের মানুষই মূ্ল ক্রেতা। তারা ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যেই ফ্রিজ কিনছেন। যদিও বিগত বছরের তুলনায় এবার ক্রেতার সংখ্যা অর্ধেকেরও কম।’
নাইমুল হক নামে এক বিক্রেতা বলেন, ‘এবার জেলায় বন্যা ও অতিবৃষ্টির কারণে ফসলের ক্ষতি হওয়ায় মানুষের হাতে টাকা নেই। তাই বেচাকেনার এই হাল। তবে আশা করছি বাকি কয়েক দিনে ভালো বিক্রি হবে।








