নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মুশফিকুর রহমান তাকে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়েছেন। সোমবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ প্রতিবাদ জানান।
তিনি জানান, গত শুক্রবার (২৫ আগস্ট) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ ব্যাচের ল্যাব পরীক্ষার সময় কাউকে ধর্ম পালনে বাধা দেননি। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদেরকে জুমার নামাজের জন্য মসজিদে যেতে দিয়েছেন। অথচ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে তাকে বিব্রত করা হচ্ছে। এ ধরনের প্রচারণা উদ্দেশ্যমূলক, ষড়যন্ত্রমূলক ও উস্কানিমূলক বলে তিনি দাবি করেন। ফেসবুকের বিভিন্ন আইডি বিশেষ করে বাঁশেরকেল্লা থেকে তাকে হত্যা ও খুন করার জন্য উস্কানি দিয়ে ধর্মপ্রাণ মানুষকে উসকে দেওয়া হচ্ছে। তিনি এ ধরনের নেতিবাচক তথ্য প্রকাশ ও প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ ধরনের মিথ্যা তথ্য প্রকাশ ও প্রচার বন্ধের অনুরোধ করেন।








