ফরিদপুরের আলফাডাংগা উপজেলার টগরবন্দ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হালিমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার (৩০ আগস্ট) দুপুরে স্থানীয় চরডাঙ্গা বাজারে আধাঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন আলফাডাংগা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান ও স্থানীয় নেতারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে বক্তারা অভিযোগ করে বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে টগরবন্দ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হালিম ও তার পরিবারের নামে মানব পাচারের অভিযোগ এনে হয়রানি করতে মামলা দেওয়া হয়েছে।’
বক্তারা বলেন, ‘স্থানীয় প্রভাবশালী একটি মহল পুলিশের এসআই সাহেব আলীকে ম্যানেজ করে মিথ্যা অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। যারা মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে তারা এলাকায় জামাতের রাজনীতির সঙ্গে জড়িত। হেফাজতের আন্দোলনের সময় ওই পরিবারের একজন গুলিবিদ্ধ হয়েছিল।’
অবিলম্বে মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা এ মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আলফাডাংগা উপজেলার মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।








