‘আমার কবর যেন স্বামীর পাশেই হয়’

আবদুল আজিজ, কক্সবাজার
০১ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩১

নব্বই বছর বয়সী মা সমরুখ খাতুনকে কোলে করে রাখাইন রাজ্যের মংডু উপজেলার ঢেঁকিবনিয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রাম থেকে ৩০ কিলোমিটার দূরে নোম্যানস ল্যান্ডে হাবিব উল্লাহ নাম সামারুখ খাতুন। বয়স মনে নেই। তবে তার দাবি আনুমানিক ৯০ বছর। স্বামী মোহাম্মদ মারা গেছেন বছর দশেক আগে। সংসারে তিন মেয়ে, ছয় ছেলে। মিয়ানমার রাখাইন রাজ্যের মংডু এলাকার ঢেঁকিবনিয়া ফকিরপাড়া গ্রামে বাড়ি। গত তিন দিন ধরেই অবস্থান করছেন ঘুমধমের জলপাইতলী সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে। মানসিকভাবে বিপর্যস্ত সামারুখ দিন দিন অসুস্থ্য হয়ে পড়ছেন। তার শেষ ইচ্ছে— মৃত্যুর পর স্বামীর কবরের পাশেই যেন তাকে কবর দেওয়া হয়।

নো-ম্যানস ল্যান্ডে অবস্থান নেওয়া সামারুখ খাতুন রয়েছেন বড় ছেলে হাবিব উল্লাহর তত্ত্বাবধানে। চলাফেরা করতে পারেন না ঠিকমতো। কখনও বাংলাদেশে আসেননি। কিন্তু মৃত্যু পথযাত্রী হয়ে শত বছরের ভিটে ছেড়ে কেন তাকে বাংলাদেশে আসতে হলো? এ প্রশ্ন সামারুখ খাতুনের।

বয়সের ভারে নুয়ে পড়া সামারুখ খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার চৌদ্দ পুরুষ রাখাইন রাজ্যে বসবাস করে আসছেন। ছোটবেলা থেকেই বেড়ে উঠেছি ঢেঁকিবনিয়ার ফকিরা পাড়ায়। কিন্তু এবারের মতো ভয়াবহ বর্বর নির্যাতন আর কখনো দেখিনি। শুনেছি, আমার অনেক আত্মীয় স্বজনদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে সেনাবাহিনী। মারধর করা হয়েছে তাদের। যে যেদিকে পারে আশ্রয় নিয়েছে। আমার তিন মেয়ে ও মেয়ের স্বামীরা কে কোথায় জানি না। আমার বড় ছেলেই আমাকে এখানে নিয়ে এসেছে। আর কয়দিন বাঁচবো। আমাকে কেন এখানে নিয়ে আসলো?’ প্রশ্ন করেন সামারুখ।

বাংলাদেশে স্বাধীনতাযুদ্ধের সময় অনেকে পালিয়ে তার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বলে উল্লেখ করে সামারুখ খাতুন। বলেন, ‘আমার বাড়ি বাংলাদেশ সীমান্তের কাছাকাছি হওয়ায় সে সময়ে অনেকেই আমার আশ্রয়ে ছিলেন। তাদের অনেককেই আমি নিজের হাতে রান্না করে খাইয়েছি। ঘুমানোর জায়গা করে দিয়েছি। আজ কি নির্মম পরিহাস। শেষ বয়সে আমাকেই তাদের কাছে আসতে হলো।’

বৃদ্ধ মাকে কোলে নিয়ে পালিয়ে বাংলাদেশ সীমান্তের কাছে নোম্যনস ল্যান্ডে ছেলে হাবিব উল্লাহ সমরুখ খানতুন স্থানীয় বাংলাদেশীদের প্রশংসা করে বলেন, ‘আজ  তিন দিন ধরে অনেকেই আমার জন্য খাবার তৈরি করে এনেছেন। তা ভুলবার নয়। অবস্থা বুঝে রাখাইনে চলে যাবো। ছেলেদের বলে রেখেছি— আমার মৃত্যুর পর যেন তাদের বাবার পাশে আমাকে কবর দেয়।’

সামারুখ খাতুনের বড় ছেলে হাবিব উল্লাহ বলেন, ‘আমার মায়ের বয়স বেশি হলেও শরীর মোটামুটি ভাল ছিল। কিন্তু এখানে আসার পর দিন দিন অসুস্থ্য হয়ে পড়ছেন। মা মানষিকভাবে ভেঙ্গে পড়ার পর শারীরিক সমক্ষমতা হারাচ্ছেন। ঠিকমতো ঘুমাতে না পারার কারণে হয়তো স্বাস্থ্য খারাপের দিকে যাচ্ছে।’

মাকে এত দূরে কিভাবে নিয়ে আসলেন, জানতে চাইলে হাবিব উল্লাহ বলেন, ‘এই জিরো পয়েন্ট থেকে ঢেঁকিবনিয়ার দুরুত্ব আনুমানিক ৩০ কিলোমিটার। এই ৩০ কিলোমিটার পথ মাকে কোলে নিয়ে পাড়ি দিয়েছি। কারণ শেষ বয়সে মাকে অমুসলিমদের হাত থেকে রক্ষা করা আমার দায়িত্ব।’ কথাগুলো বলেই কেঁদে ফেলেন তিনি।’

মিয়ানমার থেকে নোম্যাসন ল্যান্ডে অবস্থান নেওয়া নব্বই বছর বয়সী সমরুখ খাতুনের সঙ্গে কথা বলছেন বাংলা ট্রিবিউনের প্রতিনিধি আবদুল আজিজ ‘মাকে নিয়ে, বউ বাচ্চা নিয়ে আমি কোথায় যাবো? কোনও কুলকিনারা দেখছি না। নিজ ভিটে বাড়ি ছেড়ে আজ গন্তব্যহীন জীবন।’ কথাগুলো বলেই আবারও কান্নায় ভেঙে পড়েন হাবিব উল্লাহ।

গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় ওই দেশের একটি বিদ্রোহী গ্রুপ। এতে ১২ পুলিশ সদস্যসহ অনেক রোহিঙ্গা হতাহত হন। এ ঘটনায় প্রতিদিন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে আসছে অসংখ্য রোহিঙ্গা। নাফ নদীর জলসীমানা থেকে শুরু করে স্থল সীমানা পার হয়ে জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে হাজার হাজার মানুষ। এর আগে গত বছরের ৯ অক্টোবরের পর থেকে রাখাইনে একইভাবে হামলার ঘটনা ঘটে। এসময় প্রাণ ভয়ে পালিয়ে আসে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা। এরপর আন্তর্জাতিক মহল নানাভাবে চাপ সৃষ্টি করে মিয়ানমার সরকারের ওপর। কিন্তু, এর কোনও তোয়াক্কা না করে আরকানে ফের সেনা মোতায়েন করলে বিদ্রোহী গ্রুপের সঙ্গে জড়িয়ে পড়ে সে দেশের সেনাবাহিনী ও পুলিশ।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম