গাইবান্ধার ফুলছড়িতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে সিনথিয়া আকতার (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে (১ সেপ্টম্বর) ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের বাউসি গ্রামের একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবার সদস্যরা দাবি করেছেন, ধর্ষণের পর ঘটনা প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর এ বিষয়ে জানা যাবে।
সিনথিয়া ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের বাউসি গ্রামের সেলিম মিয়ার মেয়ে। সে ফুলছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাউসি গ্রামের সাইফুল ইসলামের ছেলে আহসান হাবীব সিজার (২২) ও একই গ্রামের ছায়দার হোসেনের ছেলে মাজেদুল ইসলাম কাল্টু মিয়াকে (২৮) আটক করেছে পুলিশ।
সিনথিয়ার পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে সিনথিয়া প্রাইভেট শেষে বাড়ি আসে। এরপর বাড়ির পাশে হোটেলে পরাটা কিনতে যায় সিনথিয়া। কিন্তু সে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি ও মাইকিং করেও তার কোনও সন্ধান পায়নি। শুক্রবার বিকেলে বাড়ির পাশের পুকুরের কচুরিপানা উঁচু দেখতে পায় স্থানীয়রা। এরপর কচুরিপানার নিচে সিনথিয়া লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
সিনথিয়ার দাদা গেলেন্দা শেখ দাবি করেন, সিনথিয়াকে একা পেয়ে প্রতিবেশী সিজার সহযোগীদের নিয়ে ধর্ষণ করে। সিনথিয়া ধর্ষণের ঘটনা পরিবারের লোকজনকে জানাতে পারে এ ভয়ে তাকে হত্যার পর লাশ পুকুরের কচুরিপানার নিচে চাপা রাখা হয়। এ ঘটনায় ফুলছড়ি থানায় হত্যা মামলা দায়ের করবেন বলেও জানান তিনি।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্কমর্তা (ওসি, তদন্ত) মো. ওসমান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করা হয়েছে। শিশু সিনথিয়া ধর্ষণের পর হত্যা নাকি অন্যকোনভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। তবে ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে’।
এদিকে, শিশু সিনথিয়াকে হত্যায় ঘটনায় এলাকাবাসী ও স্বজনরা ফুঁসে উঠেছে। সিনথিয়াকে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তসহ হত্যাকারী গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী ও স্বজনরা। বিক্ষোভ মিছিলটি ফুলছড়ির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।








