কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ১০৯১ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২ সেপ্টেম্বর) ভোর থেকে বিকাল পর্যন্ত সময়ের মধ্যে এসব রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। অন্যদিকে, আজ (শনিবার) সকালে পুলিশ টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে এক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করে।
টেকনাপ ২নং বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম জানিয়েছেন, টেকনাফের নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে ১০৯১ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় বিজিবি সদস্য তাদের আটক করে স্বদেশে পাঠায়।
ওসি মো. মাঈন উদ্দিন জানান, সকালে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকার নাফ নদীতে ভেসে আসে এক রোহিঙ্গা নারীর মৃতদেহ। স্থানীয়দের সহযোগিতায় ওই মৃতদেহ উদ্ধার করা হয়েছে।








