ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘ধর্ষণ মামলা যাতে দ্রুত নিষ্পত্তি হয়, সেজন্য প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছি। এর জন্য যা যা দরকার তারা যেন তা করে।’
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
২৫ আগস্ট টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যার শিকার কলেজছাত্রী রূপার মামলার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘অভিযোগপত্র যখনই আসবে তখন থেকেই যেন বিচার শুরু হয়, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। যেদিনই তদন্ত প্রতিবেদন আদালতে জমা হবে, সেদিন থেকেই বিচার শুরু হবে। এই হত্যার বিচার দ্রুত এবং তড়িৎ করার জন্য নির্দেশ দিয়েছি। এই সমস্ত মামলার বিচার ডিউ টু প্রসেস অনুযায়ী চলবে।’
আইনমন্ত্রী বলেন, ‘শান্তি ও স্বস্তির সঙ্গে ঈদ করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল।’
দেশে স্বস্তি ও শান্তিতে ঈদ সম্পন্ন হলেও সীমান্তে রোহিঙ্গারা নির্যাতনের শিকার হচ্ছে উল্লেখ করে সাংবাদিকরা আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, ‘সীমান্তের (মিয়ানমার) ঘটনা দুঃখজনক। অমানবিক। এই বিষয়টির প্রতি বিশ্বাবাসীর নজর দেওয়া উচিত। জাতিসংঘের এগিয়ে আসা উচিত। এর একটি সুরাহা প্রয়োজন। অতি দ্রুত সুরাহা করা হোক।’
আরও পড়তে পারেন:
ঢাবির ভিসি নিয়োগে বিতর্ক থাকলেও আইনের ব্যত্যয় ঘটেনি: শিক্ষামন্ত্রী








